স্বপন শর্মা
এবার শীতে খোকাকে নিতে আসছে যে তার মামা
আনবে মামা শীতের জামা, মোয়া ভরা ধামা,
খোকা এখন এসব নিয়ে একটুও না ভাবে-
ভাবনা শুধু কখন সে তার মামার বাড়ি যাবে?
মামার দেশে খোকা এসে করবে কী কী কাজ
স্বপ্ন বুনে আঙ্গুল গুণে রাখছে হিসেব আজ।
খেঁজুর গাছে বাঁধা আছে মাটির রঙিন হাঁড়ি
রসের হাঁড়ি মামার বাড়ি খেঁজুর গাছের সারি।
খোকা এখন যখন তখন সেসব ভাবনায় ডুবে
আপন মনের স্মৃতিপটে আঁকছে এসব ভেবে;
খেঁজুর গাছের সারি ধরে দুটি কদম পর-
উঠোন মাঝে ছনের ছাওয়া ছোট মামার ঘর।
ছোট মামার ঘরের ভেতর হাজার রকম স্মৃতি
চুরি করা রসের হাঁড়ি, পাকা জলপাই প্রীতি,
ইশকুল ছুটি মামার বাড়ি পুরো স্বাধীনতা-
সকাল বিকেল ঘুরে বেড়া ইচ্ছে যথা-তথা।





