বিশ্বম্ভরপুর সংবাদদাতা
সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা বিশ্বম্ভরপুরের সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ এলাকায় একটি ক্ষেত থেকে পুরনো মডেলের একটি সক্রিয় গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কৃষক সাব্বির আহমদ তার জমিতে কাজ করার সময় মাটির নিচে ধাতব বস্তুটি দেখতে পান। প্রথমে তিনি বিষয়টি স্থানীয়দের দেখান। পরে সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশকে। বিশ্বম্ভরপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তারা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান এবং বিষয়টি শান্তিগঞ্জ সেনাবাহিনীকে জানানো হয়। পরে শুক্রবার দুপুরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।
এদিকে জমিতে গ্রেনেড পাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে গ্রেনেড নিষ্ক্রীয় করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এলাকাবাসী।
শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া বস্তুটি ক৩৬ বা গ৩৬ মডেলের একটি সক্রিয় গ্রেনেড, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হতো। এটি দীর্ঘদিন মাটির নিচে চাপা ছিলো অথবা অন্য কোনোভাবে এখানে এসেছে। এই ধরনের গ্রেনেড মাটির নিচে ১০০ থেকে তার অধিক বছর সতেজ অবস্থায় থাকতে পারে। কোনো ধরনের বিপত্তি ছাড়া গ্রেনেডটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানান শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল আল হোসাইন।





