স্টাফ রিপোর্টার :
২০ দলের ডাকা দেশব্যাপী ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিনে গতকাল রবিবার নগরীর বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত মিছিল সমাবেশ করেছে হরতাল আহ্বানকারীরা। নগরীর মিরাবাজারসহ কয়েকটি স্থানে গাড়ি ভাংচুর, দক্ষিণ সুরমায় ১৫ মিনিটের ব্যবধানে ২টি ট্রাকে অগ্নিসংযোগ, শেখঘাটে পুলিশের গাড়িতে হামলাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় পুলিশসহ ৩ জন আহত হয়েছেন। সকাল থেকেই নগরীতে রিক্সা ও হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে মার্কেট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচলও। এদিকে, গতকাল হরতালে মহানগরীতে মানুষের জীবনযাত্রা ছিল স্বাভাবিক। তাছাড়া নগরীতে যানবাহনের ছিল দীর্ঘ যানজট। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ছিল কঠোর অবস্থানে।
এদিকে পুলিশ স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ৩ নেতাকে আটক করেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে কদমতলী জামে মসজিদের কাছে ও বেলা পৌণে ৩টার দিকে মোমিনখলায় দু’টি ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে এক ট্রাকের চালক আহত হয়েছেন। খবর পেয়ে মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন। কদমতলী জামে মসজিদের সামনে হামলার শিকার ট্রাকের চালক আলা উদ্দিন জানান, শেরপুর থেকে খালি ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-৬১৬০) নিয়ে তিনি গোটাটিকর যাচ্ছিলেন। কদমতলী জামে মসজিদের সামনে যাওয়ার পর ৫টি মোটর সাইকেলে ১০ যুবক এসে ট্রাকের গতিরোধ করে। তারা ট্রাকের গ্লাস ভাংচুর করে সামনের কেবিনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে ফেলায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রাকটি। এ সময় তিনটি ইজিবাইকও ভাংচুর করে যুবকরা। মোমিনখলা স্টার লাইট একাডেমির সামনে হামলার শিকার ট্রাকের হেলপার কুটি মিয়া জানান, ট্রাকটি শায়েস্তাগঞ্জ থেকে সিলেট সদর উপজেলার খাদিম দাসপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। মোমিনখলায় আসার পর ৪টি মোটর সাইকেলে ৮ যুবক এসে ট্রাকাটির গতিরোধ করে। পরে পেট্রোলবোমা ছুঁড়ে মারলে ট্রাকে আগুন ধরে যায়। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পেট্রোলবোমা থেকে রক্ষা পেতে ট্রাক চালক এরশাদ মিয়া লাফিয়ে নামতে গিয়ে আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, নগরীর শেখঘাটে পুলিশবাহী দুটি গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এক পুলিশ সদস্যসহ ২জন আহত হয়েছেন। গতকল রবিবার সকাল পৌণে ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে নগরীর মিরের ময়দান এলাকাধীন পুলিশ লাইন থেকে ১টি লেগুনা ও ১টি টেম্পুযোগে কয়েকজন পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালনে যাচ্ছিলেন। গাড়ি দু’টি শেখঘাট পয়েন্টে আসলে কয়েকজন দুর্বৃত্ত গাড়ি দুটির গতিরোধ করে এবং গাড়িতে ভাংচুর চালায়। এতে গাড়ি দুটির সামনের গ্লাস ভেঙ্গে যায়। এ সময় ১ পুলিশ সদস্য ও ১জন চালক আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান জানান, ডিউটিতে যাবার সময় কয়েকজন দুর্বৃত্ত পুলিশ বহনকারী লেগুনা লক্ষ্য করে ঢিল ছুঁড়ে। এতে গাড়ির গ্লাস ভাংচুর হয়। লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানিয়েছেন, হামলাকারীদের রুখতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। হামলার সাথে জামায়াত-শিবির জড়িত বলে তিনি জানান। বিকেল পাঁচ দিকে হরতাল সমর্থনকারীরা মিরাবাজার সড়কে ভাংচুর শুরু করে। তারা ৬টি সিএনজি অটোরিক্সা ও সিলেট তামাবিল সড়কে চলাচলকারী একটি বাস (সিলেট-ব-৫৫৩৮)ভাংচুর করে। বাসটি তামাবিল থেকে সিলেট আসার পথে শিকার হয়। ঢিল ছুঁড়ে বাসের চতুর্দিকে গ্লাস ভেঙ্গে ফেলে হামলাকারীরা। এ সময় আতঙ্কিত যাত্রীরা জীবন বাঁচাতে গাড়ি থেকে দ্রুত নেমে পড়েন। তখন ১০টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। কোতোয়ালী থানা পুলিশ ঘটনস্থলে এসে ভাংচুরকৃত বাসটি সরিয়ে ফেললে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বলেন, হরতালে সার্বিক পরিস্থিতি ভালো। নগরবাসীর নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতয়েন রয়েছে। সেই সঙ্গে মাঠে কাজ করছে সব গোয়েন্দা সংস্থার সদস্যরা।
২০ দলের ৪ নেতা আটক : মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলওয়ার হোসেন চৌধুরীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার ভোর রাত ৪টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীর গোটাটিকর গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। এদিকে, নগরীতে পৃথক অভিযান চালিয়ে ছাত্রদলের আরো দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ছাত্রদল নেতা কাওছার খান ও ফাহিম আহমদ। গত শনিবার রাতে নগরীর জিন্দাবাজার সিটি সেন্টারস্থ স্পাইসী রেস্টুরেন্ট থেকে কাওছার খানকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। তার বাসা নগরীর চারাদীঘিরপারে। এছাড়া নগরীর সাপ্লাই এলাকায় অভিযান চালিয়ে ফাহিমকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ। তার বাসা ইলেকট্রিক সাপ্লাই এলাকায়। এদিকে গত শনিবার রাতে হাসান মার্কেটের সামনে থেকে বিএনপি নেতা আলতাফ হোসেন সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।



