মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজার মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ২৬ ধরণের বই, লিফলেটসহ দুই শিবির নেতাকে আটক করেছে।
শুক্রবার রাতে মৌলভীবাজার পৌর শহরের ৬৪১ পূর্ব সুলতানপুর এলাকায় চাঁদ মিয়ার বসত বাড়ি উত্তর পাশের টিনশেড ঘরে বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসার ছাত্র শিবিরের সভাপতি সাব্বির ইসলাম তানভির ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মোহাম্মদ বখতিয়ার। তাদের মধ্যে সাব্বির এর বাড়ি রাজনগর উপজেলায় ও কুতুব উদ্দিনের বাড়ি কুলাউড়া উপজেলার টাট্রিউলি গ্রামের।
শনিবার ১৬ অক্টোবর দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার হলরুমে এক প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মো. নাসের রিকাবদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা ঘটনাস্থলে রাষ্ট্রদ্রোহী ও ধ্বংসাত্মক এবং সন্ত্রাসী কার্যক্রমের জন্য গোপনে শলা পরামর্শ করছিলো। এসময় অন্যান্যরা দৌঁড়ে পালিয়ে গেলেও তানভির ও বখতিয়ারকে পুলিশ আটক করতে সক্ষম হয়।
তাদের কাছ থেকে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের জিহাদী বই, লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, মোবাইল ফোনসহ ২৬ ধরণের বই উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিং আরও জানানো হয়, সম্প্রতি সংগঠিত পূজামন্ডপে হামলার সাথে এদের কোন সম্পৃক্ততা নেই। রিমান্ডের জন্য আদালতে আবেদন জানানো হবে।
এদিকে দুর্গাপূজার সময় সংঘটিত কর্মকান্ডে কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় পৃথক ৫টি মামলা দায়ের করা হয়েছে এবং দু’জনকে গ্রেফতার করা হয়।






