কোন অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে চলমান আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন সিলেট মহানগর ছাত্রদল সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক আবু সালেহ মো: লোকমান। মহানগর ছাত্রদল সাংগঠনিক আব্দুর রকিব চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আপনারা লক্ষ্য করেছেন কয়েকটি অনলাইন মিডিয়াতে জতশাসনের ক্রসফায়ার লিস্ট নামে সিলেট ছাত্রদল নেতৃবৃন্দের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তালিকা নিয়ে সিলেট ছাত্রদল মোটেও বিচলিত নয়। কোন তালিকার নামে পরিকল্পিতভাবে আতংক সৃষ্টি করে সিলেটের সংগ্রামী ছাত্রজনতাকে দমিয়ে রাখা যাবে না। সিলেট ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের এই ধরনের তালিকার খবরে ভীত বা আতংকিত না হয়ে চলমান সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় আহবান জানাচ্ছি।






