বাবরুল হাসান বাবলু, তাহিরপুর
জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে সাম্প্রদায়ীক দাঙ্গার কোনো সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে। শুক্রবার দুপুরে তাহিরপুর উপজেলার লাউরের গড় নবগ্রাম শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্স নির্মাণকাজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সরকার ইতোমধ্যে জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছে। ইলেকশন কমিশন সেই রোডম্যাপ অনুযায়ী কাজ করছে। আমাদের প্রত্যাশিত ঘোষিত সময়েই মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পারব আমরা।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, আমাদের হাতে সময় কম, আমরা আর অল্প কিছুদিন দায়িত্বে আছি। সময় পেলে আরও অনেক কাজ করার সুযোগ থাকত। শিগগিরই নির্বাচনকালীন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে নিজ নিজ ঠিকানায় ফিরে যাব। এ সময় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক প্রমুখ।






