স্টাফ রিপোর্টার
সিলেট বিভাগে আরও ২ জন করোনা ও ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় শনাক্ত হলেন ১৭ জন আর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ২৫ জন। বুধবার নতুন করে করোনা ও ডেঙ্গু শনাক্ত হওয়া ব্যক্তিদের বাড়ি মৌলভীবাজারে। বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৬০ জনের নমুনা পরীক্ষায় ২ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৮ জন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ও আল হারামাইন হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া গেল ২৪ ঘন্টায় মৌলভীবাজারে একজন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন। বর্তমানে তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। মানুষকে সচেতন করা গেলে করোনা সংক্রমণ ও ডেঙ্গুর বিস্তাররোধ সম্ভব।







