আজমিরীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের আজমিরীগঞ্জ শিবপাসা রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আলাউদ্দিন মিয়া (৪০) সহ আরো তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১ টায় আজমিরীগঞ্জ শিবপাসা রোডে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় সাবেক চেয়ারম্যানকে স্থানীয়রা উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাওরে গরু, মহিষ দেখার জন্য উপজেলা এক নম্বর সদর ইউনিয়নের বাসিন্দা মরহুম আতর আলী মিয়ার ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আলাউদ্দিন মিয়া মোটর সাইকেল নিয়ে গ্রামের রাস্তা থেকে আজমিরীগঞ্জ শিবপাসা সড়কে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এসময় উভয় মোটর সাইকেলের ৪ জন আহত হন। সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মিয়াকে গুরুতর আহত অবস্থায় এয়ার এম্বুলেন্স যোগে ঢাকার একটি হাসপাতালে প্রেরন করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবেক উপজেলা চেয়ারম্যান আহত হলে এয়ার এম্বুলেন্স যোগে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়।





