স্টাফ রিপোর্টার
সিলেটের সীমান্ত এলাকা থেকে ৯ কোটি টাকার চোরাই পণ্য জব্দসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ-বিজিবি ও সেনাবাহিনী। শুক্রবার ও শনিবার এই পণ্যগুলো জব্দ করা হয়। এর মধ্যে শনিবার দুপুরে বিমানবন্দর বাইবাস এলাকা থেকে ৪৫ বস্তা চোরাই চিনিসহ ২ জন, সিলেট জেলা সীমান্ত থেকে ৬ কোটি টাকার চোরাই পণ্য ও শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের পৃথক দুইটি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকার পণ্য রয়েছে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে শহরতলীর বিমানবন্দর বাইবাস থেকে ৪৫ বস্তা চোরাই চিনি জব্দসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক বলেন, দুপুরে অবৈধ পথে আসা ভারতীয় চিনিসহ দুজনকে আমরা গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, শনিবার সকালে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৬ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। অভিযানে বিপুল পরিমানে ভারতীয় লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, রূপ জি ক্রিম, জিলেট বেøইড, চিনি, ফিয়ামা সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটকেট চকলেট, ফুচকা, শুটকি, পান এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও পিকআপ জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।
এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সিলেট সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দকৃত চোরাই পণ্য সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, সিলেটের জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের পৃথক দুইটি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকার অবৈধ চোরাই কসমেটিক, জিলেট বেøড ও লেহেঙ্গা পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার লামা ফতেহপুর গ্রামের আব্দুল লতিবের ছেলে হানিফ আহমেদ ও একই উপজেলার নারায়নপুর গ্রামের আহমদ আলির ছেলে জুমান আহমেদ।
হরিপুর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি টহলটিম গোয়াইঘাট উপজেলার ফতেপুর বাজারের উত্তর পাশে লামা ফতেপুর এলাকায় স্পটে গিয়ে ২জন ব্যক্তিসহ মিনি ট্রাক ও একটি গোডাউন থেকে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করে। অপর অভিযানে রাত ১০ টার দিকে ২৭ বীর ইউনিটের টহলটিম গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামের ১টি গোডাউন থেকে চোরাই বিভিন্ন ধরনের কসমেটিক পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ২১৩ পিস স্ক্রিন সাইন ক্রিম, ২৮০ পিস স্কিন ব্রাইট ক্রিম, ১৬০ পিস ক্লপ জি ক্রিম, ৫ কার্টন জিলেট বেøড ও ৪৩৯ পিস ভারতীয় লেহেঙ্গা রয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা বলে জানা যায়। এদিকে পৃথক দুটি অভিযানে গ্রেফতারকৃত দুইজনসহ জব্দকৃত আলামত সমুহ শুক্রবার রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর নিকট হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানানো হয় উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।







