কাজিরবাজার ডেস্ক :
সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য ঘোষিত রংপুর-৩ (সদর) আসনে উপ-নির্বাচনের জন্য আগামী ৫ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য জানান।
রিজভী বলেন, ‘রংপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে যারা প্রার্থী হতে চান তাদের দৃষ্টি আকর্ষণ করছি- আগামী ৫ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিক্রি হবে। ৬ সেপ্টেম্বর মনোনয়ন ফরম জমা দিতে হবে এবং ৭ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাশীরা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাৎকার দেবেন।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ১০ হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেয়ার জন্য প্রত্যেককে ২৫ হাজার টাকা জমা দিতে হবে।’
জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে জাতীয় সংসদের রংপুর-৩ আসনটি শূন্য হয়। আগামী ৫ অক্টোবর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত রবিবার ওই আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।




