জকিগঞ্জ সংবাদদাতা
জকিগঞ্জের আমলশীদ গ্রামের এক ব্যবসায়ী বাড়িতে পরিবারের লোকজনের হাত-পা বেঁধে দুর্র্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। শুক্রবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে।
শনিবার সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, গোয়েন্দা পুলিশের একটি দল ও জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডাকাতির শিকার গোবিন্দ পালের পরিবারের সদস্যরা জানান, রাত আড়াইটার দিকে ১০-১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল ঘরে ঢুকে লোকজনের হাত-পা বেঁধে বসতঘরের জিনিসপত্র তছনছ করে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
আমলশীদ এলাকার বাসিন্দা ও মানব কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক সাদিক সিদ্দিকী জানান, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও আমলসীদ বাজারে লুটপাটের ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনায় আমলশীদ গ্রামবাসী আতঙ্কিত। ঘটনায় জড়িতদের দ্রæত শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান তিনি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদেরকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।




