স্টাফ রিপোর্টার
সিলেটে করোনায় একজনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যু ব্যক্তির বয়স প্রায় ৬৯ বছর। বাড়ি বিয়ানীবাজার উপজেলায়। তিনি করোনার জন্য বিশেষায়ীত হাসপাতাল শহিদ শামসুদ্দিনের আইসিইউতে তিনদিন চিকিৎসা নেয়ার পর বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছেন। শনিবার এ তথ্য জানিয়েছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, শুক্রবার রিপোর্ট পেতে দেরী হওয়ায় শনিবার মৃত্যুর এ তথ্যটি জানানো হয়। তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২২ জনের কভিড-১৯ পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি। তবে ৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেটে শনাক্তকৃত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন। তাদের মধ্যে মাত্র ৮ জন হাসপতালে চিকিৎসাধীন। এরমধ্যে শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ৩, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১, রাগীব রাবেয়ায় ১, আলহারামাইনে ১ ও ইবনেসিনা হাসপাতালে ২ জন। অপর ১২ জন নিজ দায়িত্বে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। এ বছর সিলেট বিভাগে মোট ২৯৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
অপরদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে এবছর ৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে ৮ জন বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, শুধু জুন মাসে সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ জন। বিভাগে আক্রান্ত ৩৩ জনের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, হবিগঞ্জের লাখায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বিভাগের চার জেলার মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ১০ জন, সুনামগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে ৮ জন এবং হবিগঞ্জে ১২ জন রয়েছেন।





