জকিগঞ্জ সংবাদদাতা
প্রেমিকের হাত ধরে স্ত্রী পালিয়ে যাওয়ার অভিমানে মো. মোমিন আহমদ (৩৫) নামে এক স্বামীর আত্মহত্যার পর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জে উপজেলার সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে নিহতের নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. মোমিন আহমদ ওই গ্রামের ফয়জুর রহমান ওরফে পাতাই মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মোমিন আহমদ দাম্পত্য জীবনে কলহের কারণে মানসিকভাবে বিকারগ্রস্থ ছিলেন। তার স্ত্রীও প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানান, বৃহস্পতিবার ভোরবেলা মোমিনের স্ত্রী কথিত প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। এই অভিমানে মোমিন সবার অজান্তে বসতঘরে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেন। তার নিথর দেহ ঝুলতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে বেলা ২টার দিকে লাশ উদ্ধার করে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।



