ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

16

কাজির বাজার ডেস্ক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয়। অন্যদিকে দুপুর ২টায় পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ে মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বরাবরের মতো এবছরও আন্তঃনগর ট্রেনের ৭ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। এবার যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
এর আগে, গত ৯ মার্চ রাজধানীর বিদ্যুৎ ভবনে আন্তঃমন্ত্রণালয় সভায় অগ্রিম টিকিট বিক্রির বিষয়টি জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৪ মার্চ। ২৫ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৫ মার্চ। ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ। ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।
সভায় আরও জানানো হয়, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। কোনো টিকিট রিফান্ড করা যাবে না।