ছাতকে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, আটক ৫

28

ছাতক প্রতিনিধি

ছাতকে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রামে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহতাবস্থায় ৫জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনার খবর পেয়ে যৌথবাহিনি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ৫ ব্যক্তিকে আটক করা হয়। জানা যায়, উপজেলার কালারুকা গ্রামের জামে মসজিদে তারাবীর নামাজে ছোট শিশুদের সুর চিৎকার নিয়ে গ্রামের আমিরুল হক, জহির মিয়া পক্ষ ও একই গ্রামের আব্দুস শহিদের মধ্যে কথা কাটাকাটি হয়। নামাজ শেষে উভয় পক্ষ শক্তি সঞ্চয় করে দেশীয় অস্ত্র ইট পাটকেল, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাতের অন্ধকারে এবং বৃষ্টির মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়।
সংঘর্ষের খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র নেতৃত্বে একদল পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর ছাতক ক্যাম্পের ক্যাপ্টেন সুয়েব’র নেতৃত্বে একদল সেনা সদস্য ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গুরুতর আহতাবস্থায় জুয়েল আহমদ (৩০) তোফায়েল আহমেদ (১৭) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে। অনান্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ৫জনকে আটক করা হয়েছে। একজন অসুস্থ্য হওয়ায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে অপর ৪জনকে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।