স্টাফ রিপোর্টার
সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযানে ৩ কোটি ২ লাখ টাকার বিপুল পরিমাণ চোরাই পণ্য সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত ফাঁড়ির জওয়ানরা।
শনিবার বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিছনাকান্দি, কালাইরাগ, লাফার্জ, কালাসাদেক, শ্রীপুর, প্রতাপপুর, নোয়াকোট, সোনারহাট, দমদমিয়া, বাংলাবাজার ও উৎমা বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, বিভিন্ন প্রকার কাপড়, গরু, চিনি, ফুচকা, জিরা, কিসমিস এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন, শিং মাছ ও মোবাইল ফোন জব্দ করে। এছাড়া চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত ইজিবাইক জব্দ করেছে বিজিবি। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩ কোটি ২ লাখ ৭ হাজার ৫০০ টাকা বলে জানানো হয়।







