বিয়ানীবাজার সংবাদদাতা
বিয়ানীবাজারে নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর কুশিয়ার নদী থেকে হাফিজ সালমান আহমদ (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর আড়াই টার দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মুহাম্মদপুর মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুরান মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন সালমান আহমদ। সে আঙ্গুরা মুহাম্মদপুর গ্রামের হাফিজ আব্দুল ফাত্তাহ’র ছেলে ও সিলেট জামেয়া দ্বিনিয়া মাদরাসার ছাত্র। তিনি সদ্য হিফজ সম্পন্ন করেছেন।
স্থানীয় সূত্র জানায়, সালমানের বাড়ির পাশ দিয়েই কুশিয়ারা নদী বয়ে গেছে। শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুরান মাদরাসা খেওয়াঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন হাফিজ সালমান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুলিশ ও স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার মরদেহ উদ্ধার করতে পারেনি। নিখোঁজ হওয়ার ২৭ ঘণ্টা পর শনিবার বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলের অদূরে লাশ ভেসে উঠলে এলাকাবাসী সালমানের নিথর দেহটি উদ্ধার করেন।
হাফিজ আব্দুল ফাত্তাহ’র ঘনিষ্টজন জমিয়তে ইসলাম নেতা লুৎফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের আবেদন করা হবে।
এদিকে, হাফিজ সালমানের এমন অনাকাক্সিক্ষত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







