২০২৩-এ এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

14

কাজিরবাজার ডেস্ক :
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সোমবার কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
২০২২ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী অনুযায়ী পরীক্ষা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর ৫০ এবং অন্যান্য প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
তবে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ ঘণ্টায় নেয়া হবে এবং নম্বর হবে বিষয় ভেদে ৪৫-৫৫ নম্বরের মধ্যে। সাধারণত ১০০ নম্বরের পরীক্ষা তিন ঘণ্টায় নেয়া হয়।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২২ আগষ্ট থেকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে ক্লাস সংক্ষিপ্ত করে নেয়ায় পরীক্ষার সময়ও কমানো হয়েছে বলে বোর্ড সূত্র জানায়।