সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল ॥ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার মানুষের সাথে উপহাস করছে

11
দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।

সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে জনজীবন আজ দুর্বিষহ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের কতিপয় কর্তাব্যক্তিরা নিম্নবিত্ত মানুষের ক্রয়ক্ষমতা কয়েকগুণ বেড়েছে বলে জাতির সাথে উপহাস করছে। সরকারের মদদে নিত্যপণ্য আজ সিন্ডিকেটের কবলে পড়েছে। সকল জায়গায় দলীয় লোকদের সুবিধা দিতে গিয়ে দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উন্নয়নের বুলি আউরিয়ে সরকার মানুষকে দ্রব্যমূল্যের যাতাকলে পিষ্ট করে চলেছে। এভাবে কোন দেশ চলতে পারে না। টিসিবি’র পণ্য সবার জন্য উন্মুক্ত না করে নিজস্ব লোকদের কার্ড দিয়ে সেখানে সরকার দলীয়করণ করছে। অবিলম্বে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় জনতার বাঁধভাঙ্গা স্রোতে ফ্যাসিবাদী সরকারের মসনদ ভেসে যাবে।
সোমবার জামায়াত কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে নগরীতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা এডভোকেট জামিল আহমদ রাজু, মুফতী আলী হায়দার, মাওলানা মুজিবুর রহমান, ক্বারী আলাউদ্দিন, হাফিজ মশাহিদ আহমদ, মু. আজিজুল ইসলাম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি আব্দুল্লাহ আল ফারুক। বিজ্ঞপ্তি