স্টাফ রিপোর্টার :
নগরী থেকে শাফায়েত আহমেদ চৌধুরী নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল ইসলাম ও আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-২ (র্যাব)। গত বুধবার রাত সাড়ে ১০টায় নগরীর সাগরদীঘিরপার এলাকার মণিপুরীপাড়াস্থ সৈয়দপুরি গলির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার এসআই খোকন।
গ্রেফতারকৃত শাফায়েত আহমেদ চৌধুরী জকিগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা কাওছার আহমদ চৌধুরীর পুত্র ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ২য় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি রাজধানী ঢাকায় নিষিদ্ধ-ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল ইসলাম ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ৩ জঙ্গিকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। তাদের জবানবন্দিতে উঠে আসে সিলেটের এক তরুণের নাম। ঢাকার ৩ জঙ্গির কাছ থেকে তথ্য পাওয়ার পর থেকেই শাফায়েতকে নজরদারিতে রেখেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল। পরে রাত সাড়ে ১০টায় দিকে বাসার ভেতর থেকে গ্রেফতার করা হয় শাফায়েতকে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫টি জেহাদি বই, জঙ্গিদের ট্রেনিং ম্যানুয়াল, পাসপোর্ট, একটি মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন ধরণের উস্কানিমূলক লিফলেট। এছাড়া তার ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার সরাসরি প্রমাণ পাওয়া গেছে বলেও পুলিশ জানায়।
কোতোয়ালী থানার এসআই খোকন জানান, গ্রেফতারকৃত শাফায়েত আহমেদ চৌধুরীকে ওইদিন রাতেই ঢাকায় নিয়ে গেছে র্যাব-২।






