খালেদা জিয়াকে শাস্তি পেতেই হবে -প্রধানমন্ত্রী

37

BC-07-03-15-N_37কাজিরবাজার ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে না গিয়ে মানুষ হত্যা করলে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
খুনির যে শাস্তি হয় খালেদা জিয়ারও সে শাস্তি হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আদালতে না গিয়ে মানুষ মারবেন, এটা সহ্য করা হবে না। আমরা এটা বরদাস্ত করবো না।  এটা সময়ের ব্যাপার। খালেদা জিয়া শুধু দুর্নীতি মামলা নয় আজকে তার বিরুদ্ধে খুনের মামলাও দেওয়া হয়েছে। হুকুমের আসামি তিনি। একজন খুনির যে শাস্তি হয় তাকেও সে শাস্তি পেতেই হবে।’
শেখ হাসিনা বলেন, ‘আজকে খালেদা জিয়া একের পর এক ঘটনা ঘটাচ্ছেন। আমরা ধৈর্য্য ধরেছি, মানুষকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছি।’
খালেদা জিয়া কোন অপরাধে এদেশের মানুষকে পুড়িয়ে মারছেন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘খালেদা জিয়া জঙ্গীবাদের নেত্রী। উনি (খালেদা) অফিসে বসে হুকুম দিয়ে মানুষ হত্যা করছেন। যারা বোমা মারছে, মানুষ মারছে তারা প্রত্যেকে হয় ছাত্রদল, না হয় বিএনপি, না হয় শিবির, না হয় যুবদল। এদের মানুষ চেনে।’
‘অনেকে এটা ঢাকার চেষ্টা করছেন, কিন্তু এটা ঢাকার বিষয় নয়। যারা তাদের ঢাকার চেষ্টা করবে, রক্ষা করার চেষ্টা করবে তারাও সমান দোষী হবে।’
অপরাধ করে কেউ পার পাবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘একটা কথা স্পষ্ট বলতে চাই, যে দেশের মানুষের জন্য জাতির পিতা কষ্ট করে গেছেন, লাখো শহীদ রক্ত দিয়ে গেছেন, যে দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার রক্ষার জন্য আমরা সংগ্রাম করেছি, গ্রেনেড হামলা, বোমা হামলা, গুলি মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি। এ এগিয়ে যাওয়ার মধ্যে এদেশের মানুষকে হত্যা করা আমরা বরদাস্ত করবো না। এদেশের মানুষের রক্ত নিয়ে যারা খেলছে তাদের শাস্তি বাংলার মাটিতে হবেই হবে। জঙ্গী-সন্ত্রাসীদের কোনো ক্ষমা নেই।’
‘খালেদা জিয়া তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে বাংলার মানুষকে দাবিয়ে রাখতে পারবে না’ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমের টাকা মেরে খাওয়ার মামলা রয়েছে। এতিমদের নামে যে টাকা এনেছিলেন সে টাকা লুটপাট করে খেয়েছেন। এ মামলা আমার দেওয়া না। ওনার আনা মঈন উদ্দিন-ফখরউদ্দিন মামলা দিয়েছিলো। মামলার ৬৭ টি দিন তারিখ পড়েছে। উনি গিয়েছেন মাত্র সাত দিন। শেষের দিন গেলেন লাঠি-সোটা, গাড়ি বহর নিয়ে। উনি (খালেদা জিয়া) কোর্টে যেতে ভয় পান। ওনার সততা-আত্মবিশ্বাস থাকলে ভয় কিসের? উনি নিজেই জানেন যে মামলা চলছে তাতে শাস্তি অবধারিত। কারণ চোরের মন সারাক্ষণ পুলিশ।
সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, মহানগর আওয়ামী লীগের সভাপতি এমএ আজিজ,ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।