স্টাফ রিপোর্টার :
৭৮ লাখ ও ৬৫ লাখ টাকার দুটি চেক ডিজওনার মামলায় নগরীর সাগরদীঘির পারের মৃত আবদুল মছব্বিরের ছেলে কামরুজ্জামান শিপনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সিলেট জেলা ও দায়রা জজ মিজানুর রহমান গতকাল রবিবার দুপুরে শিপনকে কারাগারে প্রেরণের আদেশ দেন। একই সাথে উকিল সার্টিফিকেটে ঘষামাজা থাকায় শিপনের বিরুদ্ধে ‘কেন জালিয়াতির মামলা দায়ের করা হবে না’ এই মর্মে কারণ দর্শানোর নির্দেশও দিয়েছেন আদালত।
জানা যায়, নগরীর কাজীটুলার এমএ মুবিনের ছেলে ও সুরমা সিকিউরিটিজের পরিচালক মনসুর মুমিন নগরীর সাগরদীঘিরপারের মৃত আবদুল মছব্বিরের ছেলে কামরুজ্জামান শিপনের বিরুদ্ধে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে ৭৮ লাখ টাকা ও ৬৫ লাখ টাকার চেক ডিজওনার মামলা দায়ের করেন। জেলা ও দায়রা জজ আদালতে মামলা দুটি রবিবার সাক্ষীর জন্য নির্ধারিত ছিল। শিপন সুপ্রীম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের এডভোকেট নুরুল ইসলাম চৌধুরীর উকিল সার্টিফিকেট জমা দিয়ে এই মামলা দুটি উচ্চ আদালতে (লিভ টু আপিল ১২৩/১৪ ও ৬৮৯/১৩) শুনানির অপেক্ষায় আছে এই মর্মে মামলায় এক মাস করে সময় প্রার্থণা করেন। আদালতের বিচারক উকিল সার্টিফিকেটে ঘষামাজা থাকায় তার জামিন বাতিল করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। একইসাথে কামরুজ্জামান শিপনকে ‘কেন তার বিরুদ্ধে জালিয়াতির মামলা করা যাবে না’ তার কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় বাদি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন আব্দুল মুকিত জাহাঙ্গীর।





