পুকুরে ওজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

17

স্টাফ রিপোর্টার

নগরীর মোগলাবাজার এলাকার একটি পুকুরে ওজু করতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধ মোগলাবাজার থানার সিরাজপুর এলাকার সোনাই মিয়া (৭৩)। গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে শ্রীরামপুর এলাকার মসজিদের পাশের একটি পুকুর থেকে এই লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, গত ২২ আগস্ট বিকেলে নিহত সোনাই মিয়া শ্রীরামপুর এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। বিকেলের দিকে শ্রীরামপুর এলাকায় মসজিদের পাশের একটি পুকুরে ওজু করতে যান সোনাই মিয়া। এসময় তিনি অসাবধানতাবশত পানিতে পড়ে যান। মঙ্গলবার দুপুর ১টার দিকে দক্ষিণ শ্রীরামপুর এলাকায় মসজিদের পাশের পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। তিনি শারীরিক ও মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে শ্রীরামপুর এলাকার মসজিদের পাশের একটি পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।