স্টাফ রিপোর্টার
সিলেট সীমান্ত থেকে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে প্রতাপপুর, সংগ্রাম, সোনালীচেলা, বাংলাবাজার ও নোয়াকোট বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।
অভিযানে ভারত থেকে চোরাইপথে আসা বিপুল পরিমাণ স্মার্টফোনের ডিসপ্লে, থ্রিপিস, গরুর মাংস, চিনি, টমেটো, মদ এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, জব্দকৃত পণ্যের বিষয়ে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





