ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে সোনাই নদীতে অবৈধ ড্রেজার দিয়ে রাতে বালু লুটপাটের অভিযোগে বালু বোঝাই ইঞ্জিন চালিত স্টীলের তৈরী ৩টি নৌকাসহ দুই ব্যক্তিকে যৌথ বাহিনী গ্রেফতার করেছে।
শনিবার দুপুরে আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ছাতক সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মুহতাসিম আহনাফ শাহরিয়ার ও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলার ইসলামপুর ইউনিয়নের এমদাদনগর গ্রামস্থ চৈলতার ঢালা নামক স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ইঞ্জিন চালিত স্টীলের তৈরী ৩টি নৌকাসহ ২ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফকিরনগর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের পুত্র আলী হোসেন (৩২), একই জেলার জামালগঞ্জ উপজেলার মমিনপুর গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র মফিজ মিয়া (৪০)।
এঘটনায় নৌপুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন বাদী হয়ে ৫জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আটককৃত দু’জনকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে সুনামগঞ্জ আদালাতে পাঠানো হয়েছে।
নৌ পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্টিত করে বলেন, উপজেলার ইসলামপুর ইউপির অর্ন্তগত এমদাদনগর গ্রামস্থ চৈলতার ঢালা নামক স্থানে প্রভাবশালী তিন গ্রæপ মিলে গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ৩টি ইঞ্জিন চালিত স্টীলের তৈরী নৌকাসহ ২জন আসামীসহ (তিন হাজার একশত) ঘনফুট বালু জব্দ করা হয়েছে। ৫ জন আসামীর মধ্যে দুজন গ্রেপ্তার করা হলে ও তিনজন রয়েছে পলাতক।



