শান্তিগঞ্জে নজরুল খুনের ঘটনায় মামলা দায়ের

2

এমএম ইলিয়াছ আলী, শান্তিগঞ্জ

পারিবারিক বিরোধের জের ধরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জামলাবাদ গ্রামে চাচাত ভাইদের হামলায় নজরুল হোসেন (৪০) নিহতের ঘটনার ৬দিন পর হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই জালাল হোসেন বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় ৩৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১৫/১৬ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। বাদী হাসপাতালে চিকিৎসাধিন থাকায় তার পক্ষে নিহতের বোন নাসিমা বেগম থানায় অভিযোগ জমা দেন। শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মামলাটি রেকর্ড করেন শান্তিগঞ্জ থানার ওসি আকরম আলী।
এদিকে দুই পরিবারের গুটি কয়েক সদস্যের মধ্যে মারামারির ঘটনায় নজরুল নিহত হলেও মামলায় জনপ্রতিনিধি বর্তমান ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের নাম উল্লেখ করায় এবং ১৫/১৬ জনকে অজ্ঞাতনামা আসামী করায় সর্বত্র সমালোচনার ঝড় বইছে। আসামীর তালিকায় শালিস ব্যক্তিত্ব, ব্যবসায়ী, ১৮ বছরের নিচের শিশু, গৃহিনী নারীদের নাম থাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এতে প্রকৃত আসামীরা আড়ালের পাশাপাশি নিরপরাধ মানুষ পুলিশী হয়রানীর শিকার হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এত বেশী সংখ্যক লোকজনকে আসামী করে মামলা রেকর্ড করায় শান্তিগঞ্জ থানা পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। গত মঙ্গলবার.(২৩জুন) সরেজমিনে পরিদর্শন করে এবং স্থানীয়দের সাথে কথা বলে এসবের সত্যতা মিলেছে। স্থানীয়দের দাবী ঐদিনের সংঘর্ষের ঘটনার সংবাদ স্থানীয় ও জাতীয় মিডিয়ায় ফলাও করে প্রচার হয়েছে। কারা মারামারি করেছে তাদের নামও মিডিয়ায় এসেছে। অনেক সাংবাদিক সেদিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন, নিহতের আত্মীয় স্বজনের সাথে কথা বলে সেই সংবাদ পরিবেশন করেছেন। এরপরও এমন একটি আলোচিত ঘটনায় নিরীহ মানুষকে আসামী করায় বিস্মিত অনেকেই। সুষ্ঠু তদন্তসাপেক্ষে খুনে প্রকৃত জড়িতদের গ্রেফতার ও নিরপরাধ মানুষকে হয়রানী না করার অনুরোধ জানিয়েছেন এলাকার মানুষ।