হবিগঞ্জ সীমান্তে প্রায় ২ কোটি টাকার চোরাই গরু ও পণ্য জব্দ

4

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জ সীমান্ত এলাকা থেকে প্রায় ২ কোটি টাকার চোরাই গরু ও পণ্য জব্দ করেছে ৫৫ বিজিবি। ৫৫ বিজিবি গত ৫ দিনে হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ১৫টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মোট ১ কোটি ৭২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা মূল্যের গরু চোরাই পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়। মঙ্গলবার হবিগঞ্জ ৫৫ বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
তারা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা হবিগঞ্জ জেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মোট এক কোটি ৬৯ লাখ ছয় হাজার টাকা মূল্যের ভারত হতে চোরাইপথে আনা মোবাইল ফোনের ডিসপ্লে, বাই-সাইকেল এবং ভারতীয় গরু জব্দ করে।
এ ছাড়াও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন দুধপাতিল, তেলিয়াপাড়া ও সাতছড়ি বিওপি এবং মাধবপুর উপজেলার মনতলা ও হরিণখোলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে বিজিবি নিয়মিত অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। বিজিবি বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য জব্দ করে। এ সকল পণ্যের মধ্যে রয়েছে- ৭ বোতল বিদেশী মদ, ২৫.৮ কেজি ভারতীয় গাঁজা, ৪৩ বোতল ফেনসিডিল, ১৬ ক্যান বিয়ার, ১৩ বোতল ইস্কফ সিরাপ, চা-পাতা এবং বাংলাদেশী মশার কয়েল। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৫ হাজার ৭০০ টাকা।
এদিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন ৫৫ বিজিবি’র অধীনস্থ সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযানে ৯৫ হাজার ৪০০ টাকা মূল্যের ২৪ বোতল ভারতীয় মদ, ফুচকা, চিনি এবং বাংলাদেশী মশার কয়েল আটক করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে আটককৃত দেশী-বিদেশী মালামাল, মাদকদ্রব্য এবং যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় শ্রীমঙ্গল, চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা করা হয়েছে।
অভিযানের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন দপ্তরের দিক-নির্দেশনায় আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে অভিযান পরিচালনা করছি।