গোয়াইনঘাট সংবাদদাতা
জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি দেলোয়ার হোসেনসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ও সোমবার সকালে সিলেট ও জাফলং থেকে তাদের গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত অন্যরা হলেন, গোয়াইনঘাট উপজেলায় শাহজাহান আহমদ ও ফারুক মিয়া। গ্রেফতারকৃতরা এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।
গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, অন্তর্র্বর্তী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও মোহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহর আটকে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে বাধা ও অবৈধ ভাবে অবরোধ করে সরকারী কর্মচারীকে সরকারী কাজে বাধাদান করার অভিযোগে রবিবার রাতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ বাদী হয়ে রোববার রাতে মামলা করেন। এই মামলায় দেলোয়ার ও শাহজাহানকে সিলেট থেকে এবং ফারুক মিয়াকে জাফলং থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মামলার বাদী ও গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ বলেন, দুই উপদেষ্টার গাড়ী বহরের গতি রোধ করে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।





