কাজির বাজার ডেস্ক
চীনা পণ্যে চড়া শুল্ক আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। যার পাল্টা জবাব আগেই দিয়েছিল চীন। যার প্রেক্ষিতে শুল্ক আরও বাড়ানোর ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এরও জবাব দিল চীন। নতুন করে মার্কিন পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেছে চীন।
সবশেষ চীনের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। যার জবাবে শুক্রবার চীনের অর্থমন্ত্রী নতুন করে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। শনিবার থেকে এ শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।
এর আগে গত বুধবার মার্কিন পণ্যের ওপর ৮৪ শতাংশ শুল্ক আরোপ করেছিল চীন। বেইজিং জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের আরোপিত আর কোনো শুল্কের জবাব দেবে না।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আগ্রাসী শুল্কনীতি ঘোষণার পর থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ চলছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যে নতুন করে মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিল চীন। এখন দেখার অপেক্ষা কীভাবে এর প্রতিক্রিয়া দেখায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্রের আরোপিত ‘অস্বাভাবিক উচ্চ শুল্ক’ আন্তর্জাতিক ও অর্থনৈতিক বাণিজ্যনীতি, মৌলিক অর্থনৈতিক আইন এবং সাধারণ বিচার-বিবেচনার গুরুতর লঙ্ঘন করেছে। এটি সম্পূর্ণরূপে একতরফা গুন্ডামি ও জবরদস্তি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন মাসের জন্য সব দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নিলেও চীনের ওপর উচ্চ শুল্কহার বজায় রেখেছেন। গত বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় সব চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের হিসাবে, ২০২৪ সালে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৫৮২ দশমিক ৪ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল। চলমান শুল্কযুদ্ধের কারণে দুই দেশের মধ্যে পণ্যবাণিজ্য ৮০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে বুধবার জানিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডবিøউটিও)।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ শেষ করতে চুক্তি করতে আগ্রহী। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এমন মন্তব্য করেন ট্রাম্প। খবর রয়টার্সের। সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত মন্ত্রিসভার ওই বৈঠকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, দেশগুলোর সঙ্গে চুক্তি করতে পারলে বাণিজ্য নীতিতে আরও স্থিরতা আসবে। এ সময় ট্রাম্প বলেন, চীনের সঙ্গে চুক্তি করতে পারলে ভালো লাগবে।
চলমান আলোচনা নিয়ে বলতে গিয়ে ট্রাম্প আরও বলেন, মনে হয় উভয় দেশের জন্য ভালো কিছু একটা করা সম্ভব হবে।
ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ সম্পর্কেও মন্তব্য করেছেন। বলেছেন, সংঘাতের অবসানের অগ্রগতি হচ্ছে। আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে অনেকটা এগিয়ে গেছি।
এদিকে, তার ট্রেড পলিসি নিয়ে বলতে গিয়ে ট্রাম্প বলেন, শুল্ক থেকে প্রাপ্ত রাজস্ব জাতীয় ঋণ পরিশোধে ব্যবহার করা যেতে পারে।
এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা তার মন্ত্রিসভার বৈঠকে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, তার প্রশাসন প্রথম দেশ হিসেবে চুক্তি করার ‘খুব কাছাকাছি’ রয়েছে। তিনি আরও বলেন, তিনি এমন চুক্তি করতে চান যা তার দেশের জন্য উপকারী।
বৈঠকে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি চুক্তি না করা হয়, তাহলে ৯০ দিনের বিরতির পর উচ্চতর শুল্ক আবারও বলবৎ করা হবে। তিনি বলেন, তার সরকার কোনো দেশ বা কোম্পানিকে ছাড় দেওয়ার কথা বিবেচনা করছে না।
এর আগে চীনা পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। এ ছাড়া অনেক দেশের ওপর নতুন শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত করে যুক্তরাষ্ট্র।
এদিকে শুক্রবার শুল্ক নিয়ে মুখ খুলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বাণিজ্য যুদ্ধে কোনো পক্ষই জয়ী হয় না।
সবশেষ দেশটি যুক্তরাষ্ট্রের ওপর ১২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছে।





