হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অনন্ত অর্ধশত আহত হয়েছেন। রবিবার রাতে সদর উপজেলার টঙ্গিরঘাট এলাকায় গাড়ির সাইট দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত ইজিবাইককে সাইট দেওয়া নিয়ে শনিবার রাতে টঙ্গিরঘাট গ্রামের আফজল আলীর সঙ্গে রামনগর গ্রামের আইয়ুব আলীর ঝগড়া হয়। ওই সময় স্থানীয়রা সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির কথা বলেন। রবিবার রাতে সালিশি বৈঠকের আগেই দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশত আহত হন। তাদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় তিন জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর মডেল থানার ওসি আলমগীর কবির বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।




