সৌদি আরবের সিদ্ধান্তে হাজারো বাংলাদেশি ওমরাহযাত্রী বিপাকে

37

কাজির বাজার ডেস্ক

কোনো ধরনের ঘোষণা ছাড়াই আসন্ন হজের প্রস্তুতির জন্য সৌদি আরব ওমরাহ ভিসার কোটা প্রায় ৯০ শতাংশ কমিয়েছে। এতে একেবারে কমে গেছে ওমরাহর ভিসা ইস্যুর সংখ্যা। ওমরাহযাত্রীদের চাহিদা অনুযায়ী সৌদি এজেন্সিগুলো (ওমরাহ কম্পানি) ওমরাহর ভিসা ইস্যু করতে পারছে না। এতে অপেক্ষমাণ হাজার হাজার বাংলাদেশি ওমরাহযাত্রী বিপাকে পড়েছে।
এবার অনেক ধর্মপ্রাণ মুসলমানের ইচ্ছা পবিত্র মাহে রমজানে তারা পবিত্র ওমরাহ পালন করবে। সেই অনুযায়ী হাজার হাজার ওমরাহযাত্রী এজেন্সিগুলোর মাধ্যমে টিকিট বুকিং দিয়ে রেখেছে। সাধারণত রমজানের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে ওমরাহর ভিসা বন্ধ রাখে সৌদি সরকার। এবার কোনো ধরনের ঘোষণা ছাড়াই গত ৪ মার্চ থেকে ওমরাহর ভিসা প্রায় ৯০ শতাংশ কমিয়ে দিয়েছে সৌদি সরকার। ওই দিন থেকে সৌদির ‘নুসুক’ সিস্টেমে কাক্সিক্ষত ওমরাহযাত্রীর ভিসা (মোফা) মিলছে না।
নুসুক সিস্টেমে ওমরাহযাত্রীর মোফা ইস্যু করতে সার্ভারে ঢুকলেই দেখাচ্ছে বাংলাদেশি দৈনিক ওমরাহযাত্রীর কোটা শেষ। এতে ওমরাহযাত্রীরা হতাশ।
পবিত্র রমজানে মক্কা-মদিনায় ইতিকাফ ও ইবাদত বন্দেগির জন্য যেসব নারী-পুরুষ ওমরাহ পালনে যাওয়ার নিয়ত করেছিল, তারা এখন উদ্বিগ্ন। এমনকি বিমানের টিকিটের টাকাও রিফান্ড করছে না সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো। এ নিয়ে ওমরাহযাত্রী ও এজেন্সি মালিকদের মধ্যে চলছে তুলকালাম কাÐ।