আতিকুর রহমান, ছাতক
ছাতকে বৃষ্টিতে ফসলি জমি ও প্রকৃতি প্রাণ ফিরে পাবে। বসন্তের প্রকৃতিতে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। দিনে গরম, রাতে কিছুটা ঠান্ডা। ফাগুন বিদায়ের শেষ মুহ‚র্তে হলো বৃষ্টি ও শিলাবৃষ্টি। শিলাবৃষ্টিতে ফসলি জমির কিছুটা ক্ষতি হলেও উপকৃত হবে প্রকৃতি।
বৃহস্পতিবার রাতে ছাতকের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সাথে ছোট ও মাঝারি আকারের শিলাবৃষ্টিও হয়েছে। বৃষ্টির অভাবে বোরো খেত ও শাক সবজির বাগানে জলবিহীন হয়ে পড়া প্রকৃতি বৃষ্টিতে ফিরে পাবে সতেজ প্রাণ। বোরো খেতের জন্য এক পশলা এই বৃষ্টি খুবই উপকারি। বৃষ্টিতে রাস্তা-ঘাটের ধুলোবালি মুছে গেলেও যানবাহন চলাচলে ঝুঁকি রয়েছে।
কৃষক নুর উদ্দিন বলেন, পানির জন্য ইরি, বোরো অনেক ফসলি জমিতে ফাটল ধরেছে। এই বৃষ্টি ফসলি খেত ও শাক সবজিকে সতেজ করে তুলবে। বোরো ও শাক সবজির খেতের উর্বরা শক্তির জন্য এবৃষ্টি খুবই উপকারী। বেশি বৃষ্টি হলে শাক সবজির ক্ষতির আশংকা রয়েছে। বৃষ্টির কারনে শাক সবজি ও আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলাম বলেন, এই বৃষ্টির কারনে প্রকৃতিতে একটা পরিবর্তন আসবে। এ বৃষ্টি বসন্তের বিদায়ের বার্তা জানিয়ে দিলো। বোরোসহ ফসলী খেতে উর্বরা শক্তির জন্য এবৃষ্টি খুবই উপকারী।






