ফুলতলী মাদরাসার পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

15

জকিগঞ্জ সংবাদদাতা

জকিগঞ্জে ফুলতলী মাদরাসার পুকুর থেকে দারুল কিরাত অধ্যয়নরত রিয়াজ উদ্দিন (১৮) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে শুক্রবার (১৪ মার্চ) বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত রিয়াজের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর থানার টেংরাবাজার এলাকার ইলাশপুর গ্রামে।
জানা গেছে, বৃহস্পতিবার ইফতারের আগ মুর্হুতে রিয়াজের খোঁজ পড়ে কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইফতারের পর সহপাঠীরা দেখতে পান-তার কাপড় ও সাবানদানী মাদরাসা ছাত্রাবাসের পুকুরঘাটে পড়ে রয়েছে। পরে মাদরাসা কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পান- দুপুরে রিয়াজ কয়েকজনের সঙ্গে গোসলে নেমেছিলো। পরে তার সহপাঠী ও স্থানীয়রা তৎপরতা চালিয়ে রাত ৯টার দিকে রিয়াজের লাশ উদ্ধার করে। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, লাশের ময়না তদন্ত হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যু নিয়ে পরিবারেরও কোনো অভিযোগ নেই।