পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ চালক নিহত, আহত ৩

28

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও জগন্নাথপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ সুরমা ও ওসমানীনগর এবং বুধবার রাতে জগন্নাথপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনমাগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা অটোরিকশা (সিএনজি) চালক সাজু মিয়া, জগন্নাথপুর পৌর এলাকার হাবিবনগর গ্রামের চান্দ আলীর ছেলে দবির মিয়া (৩০) এবং ঢাকার বাসিন্দা প্রাইভেট কার চালক মোহাম্মদ আলী। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুছ আলী ও ওসমানীনগর থানা পুলিশ।
দক্ষিণ সুরমাঃ বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে দক্ষিণ সুরমায় সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের তেতলী খানুয়া এলাকায় ট্রাক ও অটোরিকশা (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা (সিএনজি) চালক সাজু মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন। পরে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসমানীনগরঃ একইদিন সকাল ৭ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক ওসমানীনগরের আহমদনগর এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী নামে প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন রামিম আহমদ নামে প্রাইভেট কারের এক যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটে একটি বেসরকারি টিভি চ্যানেল’র মালামাল নিয়ে আসছিল একটি প্রাইভেটকার। ওসমানীনগরের আহমদনগর এলাকায় আসা মাত্র বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে ও আহত রামিমকে হাসপাতালে পাঠান।
জগন্নাথপুরঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক ও অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে দবির মিয়া (৩০) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন।
জানা গেছে, ২৬ জুন বুধবার রাত ১১ টার দিকে জগন্নাথপুর উপজেলার খাশিলা ব্রিজ এলাকায় প্রধান সড়কে ট্রাক ও সিএনজির মধ্যে মুখোমুখি সংর্ঘের ঘটনায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজি চালক দবির মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাতেই ওসমানীতে দবির মিয়ার মৃত্যু হয়েছে বলে তার স্বজনেরা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক টিপু সুলতানকে আটক করেছে থানা পুলিশ। সে নোয়াখালি জেলার সদর উপজেলার কাদের চৌকিদার বাড়ি এ উজ পশ্চিম বানিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও চালককে আটক করা হয়েছে।