৪৮ ঘন্টার হরতালের সমর্থনে সিলেটে জামায়াতের বিক্ষোভ মিছিল

14

 

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট সরকার তাদের দলদাস নির্বাচন কমিশনকে ব্যবহার করে আবারো গদি দখলের ষড়যন্ত্র করছে। দেশ জাতির চরম ক্রান্তিলগ্নে জনমতকে উপেক্ষা করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার মাধ্যমে বাকশালীদের ফের ক্ষমতায় নেয়ার ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে। দেশপ্রেমিক জনতা দেশে আর কোন পাতানো নির্বাচন হতে দিবে না। নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দকে কারাগারে রেখে দেশে একতরফা নির্বাচন জাতি মেনে নিবেনা। আগামী ৪৮ ঘন্টার হরতাল সফলের মাধ্যমে সরকারের সকল ষড়যন্ত্রের জবাব দিতে জাতি প্রস্তুত রয়েছে।
তিনি শনিবার বিকেলে জামায়াত আহুত রোব ও সোমবারের টানা ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে নগরীর বন্দরবাজার এলাকায় সিলেট মহানগর জামায়াত আয়োজিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি সিদ্দিক আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি