চুনারুঘাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত চার, আহত দুই

15

চুনারুঘাট প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে পিকআপ, তিন চাকার অটোভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে চুনারুঘাট উপজেলার চুনারুঘাট সদর ইউনিয়নের চানভাঙ্গা তেমুনিয়ায় এ দুর্ঘটনাটি ঘটে। চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক জানান, নিহতরা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী।
নিহতরা হচ্ছেন, নবীগঞ্জ উপজেলা ভ‚মি অফিসে কর্মরত পেশকার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামের মোহাম্মদ মাঈনুল ইসলাম রাব্বি (৩০), একই উপজেলার লাদিয়া গ্রামের আব্দুস সত্তারের ছেলে রুমেল মিয়া (৫০), সারের কোনা গ্রামের আব্দুল করিমের ছেলে জসিম মিয়া (২৫) ও কালিশিড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে নাজমা আক্তার (৫০)।
আহতরা হচ্ছেন, উপজেলার দূর্গাপুর এলাকার সিএনজিচালক আব্দুল নুরের ছেলে পারভেজ (২৪), একই উপজেলার বনগাও গ্রামের শফিক মিয়ার মেয়ে ফারিয়া আক্তার (৩০)। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জগামী ডিম ভর্তি একটি পিকআপের সঙ্গে চুনারুঘাটগামী একটি সিএনজি অটোরিকশা ও অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা মিরাশি ইউনিয়নের কাকাউশ প্রকাশ পাঁচগাঁও গ্রামের সুরুক আলীর মেয়ে, কালিশিড়ি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাজমা আক্তার (৪০), একই ইউনিয়নের লাদিয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রুমেন মিয়া (৫৫) ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান জসিম উদ্দিন (২) আর শুক্রবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিহত মইনুল ইসলাম রাব্বি। বাকী আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ পিকআপ, সিএনজি অটোরিকশা ও অটোভ্যান জব্দ করেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল হক জানান, শ্রীকুটা বাজার এলাকায় দুইদিক থেকে আসা অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। আর শুক্রবার রাব্বীর মৃত্যু হয়।
উল্লেখ্য, চুনারুঘাটে ৭ দিনের ব্যবধানে সড়কে ঝরলো ৫ প্রাণ। দুর্ঘটনার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, অপ্রশিক্ষিত চালক, বেপরোয়া গতি, বিপজ্জনক বাঁক, ওভারটেকিং, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত ওজন নিয়ে চলাচলসহ বেশ কয়েকটি কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে।