স্টাফ রিপোর্টার :
বিশ্বনাথ উপজেলার চানভরাংয়ে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় এক নারী আইনজীবীর নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিলেট-জগন্নাথপুর সড়কের বিশ্বনাথ উপজেলাধীন চানভরাং এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে তিনি গুরুতর আহত হন।
নিহত ফারহানা বেগম জেলা আইনজীবী সমিতির সদস্য ও একই সমিতির সদস্য ইসরাফিল আলীর স্ত্রী। তিনি ২ সন্তানের জননী। শুক্রবার রাত ১০টায় তার পিত্রালয় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভাধীন হাবিবনগর জামে মসজিদে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সিলেট আদালতের কাজ শেষে পিত্রালয় জগন্নাথপুরের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশাযোগে রওয়ানা হন ফারহানা বেগম। চাঁনভরাং এলাকায় যাওয়ার পর অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়। এতে গুরুতর আহত হন ফারহানা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হলে শুক্রবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান।






