লালবাজারে ১শ’ কেজি ওজনের বাঘাইড় মাছ

6
লালবাজারে ১শ’ কেজি ওজনের বাঘাইড় মাছ।

স্টাফ রিপোর্টার :
লামাকাজি এলাকায় সুরমা নদীতে ধরা পড়েছে ১০০ কেজি ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ। রবিবার এই মাছটি বিক্রির জন্য নগরীর লালবাজারে নিয়ে আসেন এক বিক্রেতা।
এই মাছটির দাম হাঁকা হয়েছে দেড় লাখ টাকা। তবে রবিবার পর্যন্ত এটি বিক্রি করা যায়নি। বিক্রি না হলেও বিশাল এই মাছটি দেখতে অনেকেই লালবাজারে ভিড় করেন।
জানা যায়, রবিবার সকাল ৭টার দিকে লামাকাজি এলাকায় সুরমা নদীতে এই বিশাল বাঘাইড় মাছটি জেলেদের জালে ধরা পড়ে। জেলেদের কাছ থেকে কাজিরবাজার মৎস্য আড়তের এক ব্যবসায়ী সেটি কিনে আনেন। তার কাছ থেকে তিনি কিনেছেন নগরীর ১১নং ওয়ার্ডের কাজিরবাজার এলাকার বাসিন্দা মো. বেলাল মিয়া। পরে তিনি মাছটি নগরীর লালবাজারে নিয়ে আসেন। বেলাল মিয়া জানান, এক লাখ টাকা দিয়ে তিনি মাছটি কিনেছেন। এখন দেড় লাখ টাকা দাম চাইছেন। অবশ্য এক লাখ ২০-৩০ হাজার টাকা পেলে তিনি বিক্রি করে দেবেন। এই ব্যবসায়ী আরো জানান, যদি একসাথে কেনার মতো ক্রেতা না পাওয়া যায় তবে কেজি দরে মাছটি বিক্রি করা হবে।