করেরপাড়ায় অপহৃত কিশোরী ২৫দিন পর ঢাকা থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

23

স্টাফ রিপোর্টার :
নগরীর আখালিয়া করেরপাড়ায় অপহৃত কিশোরীকে (১৬) ঢাকার সূত্রাপুর থেকে ২৫দিন পর উদ্ধার করেছে জালালাবাদ থানা পুলিশ। এসময় পুলিশ ইমরান মিলকি (৩০) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ইমরান মিলকি মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি থানার আব্দুল্লাহপুর এলাকার মনির হোসেন বাদল মিলকির পুত্র। বর্তমানে সে ঢাকার সূত্রাপুর থানার কাঠেরপুর তনুগঞ্জ লেন ২০/এ নং বাসার বাসিন্দা।
জালালাবাদ থানার ১৩ (২৩-০৮-২০২০) নং দায়েরকৃত মামলার প্রেক্ষিতে গত রবিবার ঢাকা ডিএমপি’র সূত্রাপুর থানা পুলিশের সহযোগিতায় জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। গতকাল সোমবার জালালাবাদ থানা পুলিশ গ্রেফতারকৃত মিলকিকে অপহরণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহম্মদ জানান, গত ২০ থেকে ২৫দিন পূর্বে নগরীর আখালিয়া করেরপাড়া থেকে উদ্ধার হওয়া কিশোরী অপহৃত হয়। তিনি জানান, গ্রেফতারকৃত অপহরণকারী মিলকিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে আর উদ্ধারকৃত কিশোরীকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।