একদিন ম্যানেজ হলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি

16

কাজিরবাজার ডেস্ক :
আসন্ন কোরবানির ঈদে নিয়ম অনুযায়ী ছুটি তিন দিন হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একদিনের ছুটি ম্যানেজ করতে পারলে এবার ছুটি ভোগ করতে পারবেন ৯ দিন। এর মধ্যে সরকারি ছুটি রয়েছে ৮ দিন।
ক্যালেন্ডার অনুযায়ী ঈদের আগে শুক্রবার (৯ আগষ্ট), শনিবার (১০ আগষ্ট) এবং ঈদের পরে শুক্রবার (১৬ আগষ্ট) ও শনিবার (১৭ আগষ্ট) এই চারদিন সাপ্তাহিক ছুটি। রবিবার (১১ আগষ্ট), সোমবার (১২ আগষ্ট ) ও মঙ্গলবার (১৩ আগষ্ট ) এই তিনদিন ঈদুল আজহার ছুটি। বুধবার (১৪ আগষ্ট ) সরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা খোলা থাকবে। পরের দিন বৃহস্পতিবার (১৫ আগষ্ট) জাতীয় শোক দিবসে একদিনের সরকারি ছুটি রয়েছে। কাজেই বুধবার (১৪ আগষ্ট) একদিনের ছুটি ম্যানেজ করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবারের ঈদে ভোগ করতে পারবেন টানা ৯ দিনের ছুটি।
এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহম্মদ শফিউল আলম জানিয়েছেন, ক্যালেন্ডারে যেভাবে আছে সেভাবেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন। এর বাইরে নতুন কোনও সিদ্ধান্ত হয়নি।