স্টাফ রিপোর্টার :
নগরীর শাহজালাল উপশহরে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার পর ২ জনকে মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর লামাপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে উপশহর সাউথ-ইস্ট ব্যাংকের সামনে ৫ লাখ টাকা ছিনতাইকারীর ঘটনা ঘটে।
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান, বোরহান ও মিলাদ নামের ২ ব্যক্তি সাউথ ইস্ট ব্যাংক শাহজালাল উপশহর শাখা থেকে ৫ লাখ টাকা উত্তোলন করার পর ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে পুলিশ ওই এলাকার সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণের মাধ্যমে অভিযানে নামে। অভিযান পরিচালনা করে সন্ধ্যায় নগরীর লামাপাড়া এলাকা থেকে ২ ছিনতাইকারীকে আটক করে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলও আটক করা হয়েছে। তিনি জানান, আটক হওয়া ছিনতাইকারী সুজনের লামাপাড়া এলাকার মোহিনী-১৬০ নম্বর বাসার ঘরের আলমিরা থেকে ৩ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি একই এলাকার বাসিন্দা অপর ছিনতাইকারী সিকান্দারের সন্ধান দেন। পরে পুলিশ সিকান্দারকে আটক করে বাকি টাকা উদ্ধারে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
শাহপরাণ (র.) থানা পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।






