বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ আপন চাচার হামলায় আনোয়ার আলী (৪৫) নামের এক ভাতিজা নিহত হয়েছেন। তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের মসলন্দর আলীর ছেলে। শুক্রবার রাত ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার আলী মারা যান। এর আগে শুক্রবার ইফতারের সময় মসলন্দর আলী ও তার প্রতিপক্ষ আপন ভাই সিদ্দেক আলীর সঙ্গে জমিজমা নিয়ে বাকবিতন্ডা হয়। পরে রাত ৮টার দিকে সিদ্দেক আলী প্রতিপক্ষ মসলন্দর আলী (৮০) ও তার ছেলে আনোয়ার আলীর উপর হামলা চালায়। এতে মসলন্দর আলী ও তার ছেলে আনোয়ার আলী গুরুতর আহত হন। ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিতাপুত্র দু’জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মাত্র দু’ঘন্টা চিকিৎসা নেওয়ার পর রাত ১২টারদিকে আনোয়ার আলী মারা যান।
এদিকে এ ঘটনায় গতকাল শনিবার ভোররাতে জিজ্ঞাসাবাদের জন্যে নিহতের চাচী ও চাচাতো বোনসহ ৪জনকে আটক করা হয়েছে। এরা হচ্ছেন, সিদ্দেক আলীর স্ত্রী সাফিয়া বেগম (৫০), মেয়ে হুছনা বেগম (২০) ও হালিমা বেগম (১৮) এবং প্রতিবেশী আব্দুল জব্বার (৩৫)।
বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, ময়না তদন্ত শেষে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত আছে বলেও তিনি জানিয়েছেন।







