আদালতে ৬৪ ধারার জবানবন্দী ॥ ছাতকে পিয়াস খুনের তথ্য দিলেন নুরুজ্জামিন

49

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ভাড়ায় নিয়ে সিএনজি-অটো-রিক্সা চালককে পরিকল্পিত ভাবে হত্যাকান্ডের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে গ্রেফতারকৃত নুরুজ্জামিন (২০)। মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে দেয়া ৬৪ধারার জবানবন্দিতে সে নিজেকে ঘটনার দ্বিতীয় নায়ক উল্লেখ করে খুনের ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, জনৈক গডফাদার ও ঘটনার প্রধান নায়কের নেতৃত্বে কয়েকজন মিলে পূর্বপরিকল্পিতভাবে ৭ আগষ্ট রাতে সিলেটে যাবার কথা বলে প্রনয় চৌধুরী পিয়াসসহ তার সিএনজি অটো-রিক্সা ভাড়া করে। ১০ আগষ্ট সিংচাপইড় ইউপির হাওর থেকে লাশ উদ্ধারের পর ১৩ আগষ্ট পিয়াসের পিতা খুরমা গ্রামের প্রনয় চৌধুরী কুটু বাদি হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা (নং ১৪, তাং ১৩.০৮.২০১৭ইং) দায়ের করেন। ৭ আগষ্ট নিখোঁজের পর ৮ আগষ্ট দোলারবাজার ইউপির খাইরগাঁও ব্্িরজ থেকে পিয়াসের পরিত্যক্ত সিএনজি অটো-রিক্সাটি উদ্ধারের পর ও একই তারিখে সিংচাপইড় ইউপির সিরাজগঞ্জ বাজারের নানকার রবিদাসের পুত্র স্বপন রবিদাসকে গ্রেফতার করে পুলিশ। ১৩ আগষ্ট উপজেলার দক্ষিণ খুরমা ইউপির মায়েরকূল গ্রামের চেরাগ আলীর পুত্র নুরুজ্জামিন গ্রেফতারের পর থানায় পুলিশী জিজ্ঞাসাবাদে পিয়াস হত্যাকান্ডের চাঞ্চল্যকর ও লোমহর্ষক তথ্য দেয়। এ ব্যাপারে মামলার তদন্ত অফিসার ও ছাতক থানার চৌকস সাব-ইন্সপেক্টর এসআই সুহেল রানা জানান, ওসমানীনগরের বুরুঙ্গা থেকে নুরুজ্জামিনসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। নুরুজ্জামিন ছিল ঘটনার সেকেন্ড ইন্ কমান্ড। তবে সে পরিকল্পিত হত্যাকান্ডের ব্যাপারে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার কাছ থেকে পাওয়া গেছে পিয়াস হত্যাকান্ডের চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সাথে কারা জড়িত ছিল এমন বক্তব্যের উত্তরে তিনি বলেন, তদন্তের স্বার্থে এ ব্যাপারে এখন আর কিছু বলা যাচ্ছেনা। খুনের তথ্য উদঘাটনে সার্বিক সহযোগিতা করার জন্য এলাকাবাসির প্রতি তিনি আহবান জানান।