সাদা পাথর লুট কোম্পানীগঞ্জের ইউএনও বদলি

4

কাজির বাজার ডেস্ক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়েছে। সাদাপাথরে ব্যাপক লুটপাটে সমালোচনার মুখে পড়েছিলেন এই ইউএনও। লুট ঠেকাতে ব্যর্থতা ও উদাসীনতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজিজুন্নাহারকে কোম্পানীগঞ্জ থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি করা হয়। অপরদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার বর্তমান ইউএনও মো. শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জে পদায়ন করা হয়েছে।
আজিজুন্নাহার চলতি বছরের ১৪ জানুয়ারি কোম্পানীগঞ্জের ইউএনও হিসাবে যোগদান করেন। এরপর সাদাপাথর ও ভোলাগঞ্জে ব্যাপক লুটপাট হয়। এনিয়ে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। সমালোচনার মুখে ১২ আগস্ট জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে ইউএনও আজিজুন্নাহারকে সদস্য রাখা হয়। যার বিরুদ্ধে লুটপাট ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে তাকে কমিটিতে রাখায় এই কমিটি নিয়েই প্রশ্ন ওঠে।
এদিকে, সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যাত দেখা যায়, আনসার সদস্যদের নিয়ে সাদা পাথরে অবস্থান করছেন ইউএনও আজিজুন্নাহার। তার সমনেই নৌকায় করে পাথর লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। তবে লুটপাটে আজিজুন্নাহারকে কোন বাধা দিতে দেখা যায়নি।
জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর থেকেই ভয়াবহ লুটপাটের শিকার হয়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এবং এর পাশের ১০ একরের রেলওয়ে বাঙ্কার। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় শুরুর দিকে রাতে লুট হলেও সম্প্রতি দিনে-রাতে সব সময়ই হয়েছে। ফলে একেবারে পাথর শূন্য হয়ে পড়েছে সাদাপাথর পর্যটন এলাকা। আর খানাখন্দে পরিণত হয় রেলওয়ে বাঙ্কার।
স্থানীয়দের মতে, এই দুই স্থান থেকে কমপক্ষে দেড় কোটি ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক মূল্য ২০০ কোটি টাকার বেশি।