স্টাফ রিপোর্টার
নগরীর বড়শালা এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. জিসান আহমদ (২৩) নামের এক নিহত হয়েছেন। এই ঘটনায় আরেক জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা দেড় টার দিকে এয়ারপোর্ট থানায় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জিসান আহমদ বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় অপর আহত মো. হাসান (২৪)।
জানা যায়, বিশ্বনাথ থেকে মোটরসাইকেলে করে ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় ঘুরতে যাচ্ছিলেন জিসান ও হাসান। শুক্রবার বেলা দেড় টার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে নগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকায় সড়কের ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই জিসান মারা যান এবং হাসান আহত হন। এসময় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আনিসুর রহমান বলেন, মোটরসাইকেলযোগে জিসান ও হাসান সাদাপাথর এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। পথে বড়শালা এলাকায় তাদের মোটরসাইকেলটি সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই জিসান নিহত হন এবং অপরজন আহত হন।







