জগন্নাথপুরে একটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

6

জগন্নাথপুর সংবাদদাতা

সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলায় কেমিক্যাল দিয়ে নকল খেজুরের গুড় তৈরি করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, জগন্নাথপুর উপজেলার মেসার্স হাবিব স্টোর নামের একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কেমিক্যাল দিয়ে নকল খেজুরের গুড় তৈরি করে আসছিল। টাইগার মশলার প্যাকেট নকল করে নিজেদের তৈরি নিম্নমানের বিভিন্ন মশলা বাজারজাত করছিল তারা। এছাড়াও নিম্নমানের ময়দা এবং সরিষা তেল বাজার থেকে ক্রয় করে নিজেদের ব্র্যান্ড নামে চালিয়ে দিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযোগের সত্যতা পায়। পরবর্তীতে তথ্য প্রমাণের সত্যতা নিশ্চিত হওয়ায় মেসার্স হাবিব স্টোরকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এসময় অভিযানে জগন্নাথপুর থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা (অতিরিক্ত দায়িত্ব) বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলার মেসার্স হাবিব স্টোর নামে প্রতিষ্ঠানটিতে যাই। অভিযানকালে দেখি তারা যে মসলা তৈরি করছিল ওই মশলায় ভেজাল রয়েছে। পাশাপাশি মশলা তৈরি করার সময় মশলার মধ্যে তেলাপোকা রয়েছে। সেই তেলাপোকার বর্জ্য মসলায় মিক্সড হয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘টাইগার মশলার প্যাকেট নকল করা হয়েছে, অপরিচ্ছন্ন পরিবেশে কেমিক্যাল দিয়ে খেজুরের গুড় তৈরি করা হচ্ছে। নিম্নমানের সরিষার তেল বাজার থেকে কিনে এনে একটা ট্যাংকির মধ্যে রেখে বোতলজাত করা হচ্ছে। এছাড়াও ময়দা প্যাকেটের মধ্যে সুন্দর করে লেখা আছে, উন্নত মানের গম থেকে ময়দা তৈরি করা হচ্ছে এবং তাদের নিজের প্রতিষ্ঠানের নামের প্যাকেট করে বাজারজাত করা হচ্ছে।’ তিনি আরও বলেন, এগুলো করা অপরাধ, আইনে এগুলো নিষিদ্ধ। অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।