স্টাফ রিপোর্টার
সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানে নেমেছে (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) বিআরটিএ। রবিবার সকালে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় মহাসড়কে এ অভিযান শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ।
অভিযানে রেজিষ্ট্রেশনবিহীন অবৈধ বাস, ট্রাক, সিএনজি অটোরিকশাসহ সবধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক মো. আব্দুর রশিদ জানান- সিলেটের সড়ক-মহাসড়কে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযানে মামলা দায়েরসহ সংশ্লিষ্ট আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তায় চলছে এ অভিযান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেটে প্রায় আড়াই হাজার পুরোনো বাস ট্রাক রয়েছে, যার অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। বিভিন্ন সড়কে অর্ধলক্ষাধিক রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ এ অভিযান শুরু করেছে বিআরটিএ।




