ভোলাগঞ্জে পাথর তুলতে গিয়ে বালু চাপায় শ্রমিক নিহত

8

কোম্পানীগঞ্জ সংবাদদাতা

কোম্পানীগঞ্জ উপজেলার সংরক্ষিত এলাকা ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার) থেকে পাথর তুলতে গিয়ে বালুচাপায় হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার আহমদাবাদ কালিবাড়ি গ্রামের আসাদ মিয়ার ছেলে। শনিবার (১৯ জুলাই) রাত ৮টায় ভোলাগঞ্জ রোপওয়ে (বাংকার)-এ এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও তার সাথে থাকা লোকজন জানান, প্রতিদিনের মতো হাবিবুর রহমান আরো ২জনকে নিয়ে রোপওয়ে বাংকারে গর্ত করে পাথর উত্তোলন করতে যান। ৩ জনের মধ্যে হাবিবুর রহমান গর্ত থেকে পাথর উত্তোলন করতেন আর অন্য দুজন মাথায় করে সেই পাথর বহন করে নৌকায় নিয়ে রাখতেন। হাবিবুর রহমান গর্ত থেকে পাথর উত্তোলনের সময় হঠাৎ উপর থেকে বালু নীচে ধসে পড়ায় তিনি বালুর নীচে চাপা পড়েন। এসময় তার সাথে থাকা অন্য দু’জনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন তাকে উদ্ধারের জন্য। প্রায় ২ ঘন্টা চেষ্টা করে তারা মৃতদেহ উদ্ধার করেন। এসময় নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যায়। স্থানীয় বিএনপি নেতা কামাল হাজীর ছেলে আবুল হাসনাত জানিয়েছেন নিহত হাবিবুর রহমান তাদের বাড়িতে থাকতেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ওসমানী হাসপাতালে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।