জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে গবাদিপশুর চিকিৎসাসেবা প্রদানে মাঠে ময়দানে কাজ করছে জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। এরই অংশ হিসেবে ১৯ জুলাই শনিবার সকালে জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রাম এলাকায় ২০২৪/২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) কর্তৃক প্রায় তিন শতাধিক গবাদিপশুর খামারীদের মাঝে বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ইনজেকশন বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ।
জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন। এ সময় সাবেক পৌর কমিশনার মাসুক মিয়া, সমাজকর্মী সিরাজুল ইসলাম, আবদুল কাহার সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গবাদিপশুর মালিকগণ উপস্থিত ছিলেন। এতে প্রায় তিন শতাধিক গরু ও ছাগলকে কৃমিনাশক ইনজেকশন, তর্কা টিকা সহ অসুস্থ গবাদিপশুর চিকিৎসা দেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহাকরী কর্মকর্তা আবদুল মতিন সরকার, বিএফএ জুনেদ চৌধুরী, সুকেশ চন্দ্র দাস, ড্রেসার তাজুল ইসলাম ও দিপন গোপ সহ মেডিকেলটিম। এ সময় অতি সহজে নিজ এলাকায় বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা পাওয়ায় বেজায় খুশি হন গবাদিপশুর মালিকগণ। এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ জানান, পৌরসভা ও প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এ ধরণের কার্যক্রম অব্যাহত আছে।






