বানিয়াচং হাওর থেকে পাহারাদারের লাশ উদ্ধার

3

বানিয়াচং সংবাদদাতা

হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের ৫ দিন পর হাওর থেকে রঙ্গিলা মিয়া (৫৫) নামে এক পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার সুবিদপুর হাওরে লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিহত রঙ্গিলা মিয়া হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর মধ্যহাটির নুরুল হোসেনের ছেলে।
জানা যায়, প্রতিদিন রাতে রঙ্গিলা মিয়া নিজেই কালারডুবা হাওরে একটি বিল পাহারা দিতেন। গত সোমবার সন্ধ্যায় খাওয়ার জন্য বাড়ি ফিরে যান। পরে ফিরে গিয়ে দেখতে পান পাহারার জন্য ব্যবহৃত নৌকাটি নেই। এরপর তা খুঁজতে বের হয়ে আর বাড়ি ফেরেননি তিনি। পরদিন পরিবার থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পত্রপত্রিকায়ও বিজ্ঞপ্তি দেয়া হয়। কিন্তু তাতেও তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না। শনিবার দুপুরে হঠাৎ করে সুনারু গ্রামের পার্শ্ববর্তী হাওরে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাÐ হিসেবে দেখছে। রঙিলা মিয়া স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর খবরে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে ঘাতকেরা তার লাশ বস্তাবন্দি করে বস্তার ভেতর পাথর দিয়ে হাওরের পানিতে তলিয়ে দেয়। তিনি বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। অচিরেই এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে।